বরগুনা প্রতিনিধি:
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের অংশীদারত্বে বরগুনা সদর উপজেলায় ‘বিল্ডিং ক্লাইমেট রেজিলিয়েন্ট, এনভায়রনমেন্ট সাসটেইনেবল কোস্টাল কমিউনিটিজ (রেসকোস্ট)’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) উপজেলা হল রুমে কর্মশালায় সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা এবং জলবায়ু সহনশীল উপকূলীয় জনগোষ্ঠী গড়ে তুলতে একসঙ্গে কাজ করার সুযোগ চিহ্নিত করাই ছিল কর্মশালার উদ্দেশ্য। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কৃষিভিত্তিক কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় অর্থায়িত রেসকোস্ট প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়ানো, পরিবেশবান্ধব জীবিকার সুযোগ তৈরি করা এবং পরিবেশগত টেকসই উন্নয়নে ভূমিকা রাখা। বরগুনায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে ছয়টি জলবায়ু সহনশীল গ্রামের ১ হাজার ৮১৫টি ঝুঁকিপূর্ণ উপকূলীয় পরিবার সরাসরি সহায়তা পাবে। প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে যুব নারী এবং ১৮ থেকে ২৪ বছর বয়সী যুবদের।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) পরিচালক, মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. বীথি দেবনাথ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মারুফ হোসেন মিনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান এবং সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন ভূঁঞা।
এ ছাড়া ইউনিয়নের চেয়ারম্যান, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, কৃষক প্রতিনিধি এবং প্রকল্পের সংশ্লিষ্ট অংশীজনেরা কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ বলেন, “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী গড়ে তোলা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শক্তিশালী সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। রেসকোস্ট প্রকল্প বরগুনায় টেকসই জীবিকা, পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।” কর্মশালায় একটি বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, পরিকল্পিত কার্যক্রম এবং বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়। এতে জলবায়ু সহনশীল কৃষি, টেকসই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তাঁরা প্রকল্পের কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও স্থানীয় অংশীজনদের মধ্যে সমন্বয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় প্রকল্পের অগ্রাধিকারগুলো সম্পর্কে সবার মধ্যে একটি অভিন্ন ধারণা তৈরি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা, সম্ভাব্য ঝুঁকি ও তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা এবং প্রকল্প বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সময়সীমা ও ধাপগুলো পর্যালোচনা করা হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও স্থানীয় অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে সমন্বিত কার্যক্রম পরিচালনা, প্রকল্পের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর দায়িত্ববোধ ও সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে। রেসকোস্ট প্রকল্পের মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনগোষ্ঠীকে টেকসই জীবিকা পদ্ধতি গ্রহণে সহায়তা করতে চায়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে আরও সক্ষম করে তোলা এবং টেকসই ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়তে যুব, কিশোরী ও নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বকে এগিয়ে নেওয়াও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।