বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের শান্ত অথচ কর্মচঞ্চল জনপদ বরগুনা আজ উন্নয়নের নতুন স্বপ্নে জেগে উঠছে। বঙ্গোপসাগরের কোলঘেঁষা এ জেলার প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি মিলেমিশে যেন এক অপূর্ব সম্মিলিন। কৃষি, মৎস্য ও পর্যটনের সমন্বয়ে গড়ে উঠছে সম্ভাবনাময় এক অর্থনৈতিক ভিত্তি, যা আগামী দিনে বরগুনাকে পরিণত করতে পারে দক্ষিণাঞ্চলের এক আদর্শ জেলায়।
বরগুনা জেলার আয়তন প্রায় ১,৯৩৯ বর্গকিলোমিটার। উত্তরে ঝালকাঠি, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট—এই চারদিক ঘেরা বরগুনা যেন প্রকৃতির বুকে আঁকা এক শান্তিময় জনপদ। জেলার প্রশাসনিক কাঠামোয় রয়েছে ৬টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন। এই নদীমাতৃক জেলার বুক চিরে প্রবাহিত পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী এখানকার জীবন, সংস্কৃতি ও জীবিকার মূল ধারক।
অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি ও মৎস্য। বরগুনার মাঠে মাঠে সোনালি ধানের ঢেউ, আর চরাঞ্চলে সবজির সবুজ সমারোহ। ধান, আলু, পেঁয়াজ, রসুন, মুগডাল, তরমুজসহ নানা ফসলের চাষ কৃষকদের জীবনে এনেছে নতুন সম্ভাবনা। উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে প্রতিদিন সমুদ্রে পাড়ি দেন জীবিকার তাগিদে। মাছ ধরা, প্রক্রিয়া জাতকরণ ও বিপণন নিয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী মৎস্যভিত্তিক অর্থনীতি। পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলায় ফিশারিজ হ্যাচারি, বরফকল ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলো স্থানীয় কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষাক্ষেত্রে বরগুনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বরগুনা সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, পাথরঘাটা কলেজ, আমতলী ডিগ্রি কলেজসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের আলো ছড়াচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও বেসরকারি উদ্যোগ তরুণদের দক্ষতা উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। শিক্ষা বিস্তারে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়লে এই জেলায় মানবসম্পদ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
স্বাস্থ্যখাতেও বরগুনা এগোচ্ছে, যদিও এখনো চ্যালেঞ্জ বিদ্যমান। সদর হাসপাতালে চিকিৎসা সেবা তুলনামূলক ভালো হলেও উপজেলাগুলোতে চিকিৎসক সংকট ও আধুনিক যন্ত্রপাতির অভাব জনসাধারণের বড় সমস্যা। তবুও সরকারি উদ্যোগে সম্প্রতি কমিউনিটি ক্লিনিক স্থাপন ও অবকাঠামো উন্নয়ন কার্যক্রম মানুষের আশা জাগাচ্ছে।
পর্যটনের দিক থেকেও বরগুনা একটি সম্ভাবনাময় জেলা। শুভসন্ধ্যা সৈকত, টেংরাগিরি ইকোপার্ক, হরিণঘাটা বন, লালদিয়া দ্বীপ, গোলবুনিয়া ও গোড়াপদ্মা পর্যটন কেন্দ্র এখন পর্যটকদের আকর্ষণের প্রধান স্থান। পাশাপাশি বিবিচিনি শাহী মসজিদ এই জেলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে সুরঞ্জনা ইকোপার্ক, ফান ওয়ার্ল্ড ও শিশু বিনোদন কেন্দ্র, যা বরগুনার পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করেছে। তবে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এখনো এই খাতের অন্যতম প্রতিবন্ধক।
বরগুনার মানুষ পরিশ্রমী, সংস্কৃতিমনা ও আত্মনির্ভরশীল। প্রতিকূলতা পেরিয়ে তারা গড়ে তুলছে নিজেদের ভাগ্য, নির্মাণ করছে নতুন স্বপ্নের সমাজ। নদীভাঙনরোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সরকারি উদ্যোগ ইতোমধ্যেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
প্রকৃতি, মানুষ ও সম্ভাবনার সমন্বয়ে বরগুনা এখন দক্ষিণাঞ্চলের উন্নয়নের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। যথাযথ পরিকল্পনা, টেকসই উন্নয়ন প্রকল্প ও নাগরিক সচেতনতা যদি বাস্তবায়িত হয়, তবে বরগুনা একদিন শুধু উপকূলের জেলা নয়, বরং বাংলাদেশের উন্নয়নচিত্রের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।