বরগুনা প্রতিনিধি:
মুখ ও দাঁতের স্বাস্থ্যসেবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী ‘ওরাল হেলথ অ্যান্ড ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পযন্ত বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এফ এম স্কুল ও বরগুনা সরকারি মহিলা কলেজে পৃথকভাবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে দাঁত ও মুখের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ওরাল কিট (টুথপেস্ট ওরাল গাইড ইত্যাদি) বিতরণ করে তারা।
উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ার এর আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে মেডিপ্লাস বাংলাদেশ এবং অপসোনিন ফার্মার সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন দেশের খ্যাতনামা ডেন্টাল সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।
চিকিৎসা সেবা দিয়েছেন যারা তারা হলেন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ প্রিন্স পোদ্দার, বিসিএস (হেলথ), এমএস (ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। ডেন্টাল সার্জন ডাঃ রুকাইয়া ইসরাত রানি, বিডিএস (ডিইউ), পিজিটি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স। ডাঃ নুজহাত তাবাসসুম (বিডিএস), ডাঃ মনিকা চৌধুরী তুলি (বিডিএস), ডাঃ প্রভাতি হালদার পিউ (বিডিএস), ডাঃ নাজমুল হক শুভ (বিডিএস), ডাঃ রাহাত মামুন (বিডিএস), ডাঃ ফারুক হোসেন (বিডিএস)।
বরগুনা এই প্রথম এমন একটি চিকিৎসা সেবার আয়োজন করায় সাধুবাদ জানিয়ে আমন্ত্রিত অতিথিরা।
বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার ওপর তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে। দাঁত ও মুখের যত্ন নিয়ে আমাদের সমাজে এখনো এক ধরনের অসচেতনতা রয়েছে। উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে দারুণ ভূমিকা রাখবে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের শুধু সচেতনই করবে না, বরং তাদের নিয়মিত স্বাস্থ্য সুরক্ষার অভ্যাস গড়ে তুলতেও উদ্বুদ্ধ করবে। আমি এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এফ এম স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক আসাদ জামান বলেন, আমাদের স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত সময়োপযোগী এবং চমৎকার উদ্যোগ। অনেক সময়ই দেখা যায়, দাঁতের সমস্যার কারণে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগ দিতে পারে না বা সঠিক সময়ে সঠিক পরামর্শ পায় না। এই ক্যাম্পের মাধ্যমে তারা অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও ওরাল কিট পেয়েছে, যা তাদের অনেক উপকারে আসবে। উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারকে আমাদের স্কুলে এই ক্যাম্প আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্যাম্পের প্রধান চিকিৎসক ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাঃ প্রিন্স পোদ্দার বলেন, আমরা লক্ষ্য করেছি যে, অনেকেই দাঁত ও মুখের প্রাথমিক সমস্যাগুলোকে অবহেলা করেন, যা পরবর্তীতে বড় কোনো রোগে রূপ নেয়। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে সঠিক নিয়মে ব্রাশ করা এবং মুখের যত্নের ব্যাপারে সচেতনতার অভাব রয়েছে। আজকের ক্যাম্পে আমরা প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে স্ক্রিনিং করেছি এবং সঠিক উপায়ে দাঁতের সুরক্ষার পরামর্শ দিয়েছি। উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের এই সচেতনতামূলক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।
ডেন্টাল সার্জন ডাঃ রুকাইয়া ইসরাত রানি বলেন, আজকের ক্যাম্পে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এবং তাদের আগ্রহ দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি অত্যন্ত সহজ ভাষায় তাদের মুখের যত্ন নেওয়ার সঠিক উপায়গুলো বুঝিয়ে দিতে। আশা করি, আজকের এই পরামর্শ ও ওরাল কিটগুলো তাদের সুস্থ ও সুন্দর হাসি বজায় রাখতে সাহায্য করবে।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা জানান, বরগুনার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে দন্ত চিকিৎসা ও মুখের স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ার ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাবে। সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তারা মেডিপ্লাস বাংলাদেশ ও অপসোনিন ফার্মাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।