অনলাইন ডেস্ক:
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগের সংশ্লিষ্ট সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ইরানে নেওয়া কঠোর অবস্থানেরই একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।
বিচার বিভাগের মুখপাত্রসংস্থা মিজানের বরাতে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আঘিল কেশাভারজ। তাকে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করার পাশাপাশি ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি সংগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। বিচারিক প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন হওয়ার পর সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।
রায়ে বলা হয়, আঘিল কেশাভারজ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তাদের হয়ে তথ্য সংগ্রহের কাজ করতেন। রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই কর্মকাণ্ডকে গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে।
বিচার বিভাগ জানায়, চলতি বছরের এপ্রিল ও মে মাসে উত্তর-পশ্চিম ইরানের উরমিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দীর্ঘ তদন্ত ও বিচারিক শুনানির মধ্য দিয়ে মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
উল্লেখ্য, গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ও সংঘাতের পর থেকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইরানে একাধিক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের মামলায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।
তথ্যসূত্র : এএফপি